ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগে পরিচালিত মাদক বিরোধী অভিযানে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
ডিএমপি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকার মধ্যে রয়েছে— পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প, মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর, রূপনগর থানাধীন মাইশা কনস্ট্রাকশন এলাকা, দারুস সালাম থানাধীন বাগানবাড়ি আবাসিক এলাকা, কাফরুল থানাধীন আগারগাঁও তালতলা এবং শাহআলী থানাধীন গুদারাঘাট
অভিযান চলাকালে ২৩ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে উপস্থাপন করা হলে মিরপুর বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ বিলাল হোসাইন সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ১১ জনকে সর্বোচ্চ তিন মাসের এবং বাকিদের সর্বনিম্ন ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
ডিএমপি জানায়, মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং এবং রাস্তায় অবৈধ দখলসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে সাধারণ নাগরিকরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন এবং অপরাধ দমন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানায় ডিএমপি মিরপুর বিভাগ।


