ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বনানীতে সিসা বারে অভিযান, মদ ও মাদক সরঞ্জাম জব্দ; গ্রেফতার ৪

crimewatch24
এপ্রিল ১৪, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গড়ে ওঠা অবৈধ সিসা বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও শিসা (নিকোটিনযুক্ত তামাক) সেবনের সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে; তবে মূল হোতাসহ কয়েকজন পালিয়ে গেছেন।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বনানী থানার একটি দল ১২ নম্বর সড়কের ৭৭ নম্বর ভবনের নবম তলায় ‘Antalya’ (অ্যানতালিয়া) নামের একটি ফ্ল্যাটভিত্তিক সিসা বারে অভিযান চালায়। অভিযানে সোহাগ হাজরা (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত নাফিজ মোহাম্মদ আলম (২৫)সহ আরও ৪–৫ জন পালিয়ে যান।

 

অভিযানকালে প্রায় ১৭ দশমিক ৫ লিটার বিদেশি মদ (প্রায় ১৮ বোতল), ১ কেজির বেশি শিসা ফ্লেভার (প্রায় ১ কেজি ১১৫ গ্রাম), ১১টি শিসা স্ট্যান্ড, ১১টি পাইপ, একটি ডিজিটাল মিটার, একটি ওয়াকিটকি সেট, একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬ হাজার টাকা।

 

মামলার এজাহার ও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাফিজ মোহাম্মদ আলম দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে সহযোগীদের মাধ্যমে সেখানে অবৈধভাবে সিসা বার পরিচালনা করছিলেন। সেখানে আগতদের কাছে নিকোটিনযুক্ত শিসা ও বিদেশি মদ বিক্রি ও সরবরাহ করা হতো।

 

পুলিশ সূত্র জানায়, নাফিজ মোহাম্মদ আলমের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র, মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার সোহাগ হাজরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নাফিজ ও সোহাগকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে; পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই ফ্ল্যাটে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান-বাজনা ও পার্টি চলত, যা এলাকায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাঁদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়।

 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বনানী ও গুলশান এলাকায় এ ধরনের আরও কিছু অনুমোদনহীন সিসা লাউঞ্জ গোপনে পরিচালিত হচ্ছে। এসব স্থানের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে গত ৩ মার্চ হাইকোর্ট গুলশান-বনানী এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।