সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু অভিযোগ করেছেন যে, তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, আজ সকালে ০১৭২১৯২০৩৭৫ ও ০১৭৩৬০১০৪০২ নম্বর থেকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি বলে সন্দেহ করা একাধিক ছবি পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। একই সঙ্গে পুনরায় ২০ লাখ টাকা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
অ্যাডভোকেট জুনুর দাবি, তিনি দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন সিসা বার (শিশা লাউঞ্জ) ও মাদকের বিরুদ্ধে আইনি লড়াই করে আসছেন। তার করা রিটসহ বিভিন্ন আইনি পদক্ষেপের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে একাধিক অবৈধ সিসা বার বন্ধ হয় এবং বিভিন্ন ব্যক্তি গ্রেপ্তার হন। তিনি অভিযোগ করেন, এসব কার্যক্রমের জের ধরেই তার কাছে ক্ষতিপূরণের নামে চাঁদা দাবি করা হচ্ছে।
এছাড়া, বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে অভিযোগ করা হয়েছে যে, ঘটনার নেপথ্যে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে। অভিযোগে রাইসুল ইসলাম জুয়েল (ওরফে “সিসা জুয়েল”), জাহিদুল ইসলাম, নাবিল এবং নাফিস নামে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু জানান, বিষয়টি ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।


